ফরিদপুরের আলফাডাঙ্গায় দোকানঘরে চুরি করার সময় রিপন মোল্যা (৩০) নামে এক চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে তাকে আলফাডাঙ্গা থানা পুলিশের মাধ্যমে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। রিপন মোল্যা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার সুকদেবনগর গ্রামের চুন্নু মোল্যার ছেলে।
এরআগে বুধবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ৮টার দিকে শিরগ্রাম বাজারের পূর্ব পাশের উত্তর দিকে বিসমিল্লাহ সেনেটারী এন্ড ইলেক্ট্রনিক দোকানের মালিক নুর আলম তার দোকানঘর বন্ধ করে বাড়িতে চলে যায়। এরপর রাত ১০টার দিকে নুর আলম মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে তার দোকান ঘরের দক্ষিণ পার্শ্বের চালের টিন খুলে চোর ঘরে প্রবেশ করেছে। এসময় বাজারের ব্যবসায়ীরা চুরির বিষয়টি বুঝতে পেরে রিপন মোল্যাকে হাতেনাতে আটক করলেও অপর চোরেরা পালিয়ে যায়। এরপর বাজার কর্তৃপক্ষ চুরির বিষয়টি থানা পুলিশকে জানালে রিপন মোল্যাকে তারা আটক করে থানায় নিয়ে যায়।
পরবর্তীতে দোকান মালিক নুর আলম থানায় বাদী হয়ে রিপন মোল্যা ও অপর সহযোগী একই এলাকার ইউনুস মোল্যার ছেলে জাহিদ মোল্যাসহ অজ্ঞাত আরো কয়েকজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৪।
এবিষয়ে দোকান মালিক নুর আলম জানান, ‘চোরেরা আমার দোকানঘরে প্রবেশ করে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায়। তবে এদের মধ্য থেকে একজনকে বাজারের ব্যবসায়ীরা হাতেনাতে গ্রেপ্তার করে। সে দোকানের ভিতরে থাকায় পালিয়ে যেতে পারেনি। এরআগেও আমার দোকান তিনবার চুরি হয়েছে।’
বানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ ইসলাম খোকন বার্তা বাজার’কে জানান, ‘একশ্রেণির সংঘবদ্ধ চোর শিরগ্রাম বাজারে একই কায়দায় মাত্র চার মাসের ব্যাবধানে ১০টি দোকানে চুরি করেছে। এই বিষয় নিয়ে আমি উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়েও অবগত করেছি।’
আলফাডাঙ্গা থানা ওসি মো. ওয়াহিদুজ্জামান বার্তা বাজার’কে জানান, ‘দোকানঘরে চুরি করার সময় একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বাকী আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’
মিয়া রাকিবুল/বার্তা বাজার/অমি