শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক
চলতি বছর শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন- ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মোরাতভ।
শুক্রবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় নরওয়েজিয়ান নোবেল কমিটি নোবেল জয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।
নোবেল কমিটি জানায়, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য ২০২১ সালের নোবেল পুরস্কার উঠছে এই দু’জনের হাতে। নোবেল কমিটি মনে করে যে, গণতন্ত্র ও দীর্ঘমেয়াদি শান্তির পূর্ব শর্ত হচ্ছে মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষা।
এর আগে গতবছর শান্তিতে নোবেল পায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ক্ষুধা নিরসনে অবদানের স্বীকৃতি হিসেবে এই সংস্থাটিকে নোবেল পুরস্কার দেওয়া হয়। নরওয়েজিয়ান নোবেল কমিটি জানায়, যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহার রোধে চালিকাশক্তি হিসেবে কাজ করেছে সংস্থাটি।
প্রতি বছর শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা ও অর্থনীতি এই ৬ বিষয়ে যারা বিশেষ অবদান রেখেছেন তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়। সুইডেনভিত্তিক নোবেল ফাউন্ডেশন এই পুরস্কার প্রদান করে থাকেন। ৪ অক্টোবর থেকে আগামী ১১ অক্টোবর পর্যন্ত নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল মৃত্যুর আগে ৩ কোটি ১০ লাখ ক্রোনার (আজকের বাজারে ১৮০ কোটি ক্রোনার) রেখে গিয়েছিলেন। তার রেখে যাওয়া সেই অর্থ থেকে ১৯০১ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে এই ৫ বিষয়ে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে ১৯৬৮ সালে এ তালিকায় অর্থনীতিকে যুক্ত করা হয়।
বার্তা বাজার/নব