পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ জন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনয়ন চূড়ান্ত করেছে দলটি। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ সভা থেকে মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

মেয়র পদে আওয়ামী লীগের ” নৌকা ” প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে দলীয় ভাবে দশজন মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছিলেন, তারা হলেন বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন, মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, মোতায়েম হোসেন স্বপন, মো. বোরহান উদ্দিন, ভিপি ফরিদ উদ্দিন, বাবুল আহমেদ, এমকেএম হাবিবুর রহমান চুন্নু, মোজাম্মেল হক জামাল, এডভোকেট মিনহাজুুল হক খোকা এবং মো. এখলাস উদ্দিন।

যাচাই-বাছাইয়ের পর মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ কে পাকুন্দিয়া পৌরসভার নৌকার মাঝি হিসেবে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী ঘোষণা দেওয়া হয়।

এছাড়া দলীয় প্রতীকে বিএনপি এই নির্বাচনে অংশ না নেওয়ায় “ধানের শীষ ” প্রতীক পাচ্ছেন না কেহ। তবে দলের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন পৌরসভার প্রথম মেয়র উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট জালাল উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে সৈয়দগাঁও নিজ বাসভবনে অনুষ্ঠিত এক সভায় নেতাকর্মী ও সমর্থকদের সামনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। বিগত নির্বাচনের মতো এবারের নির্বাচনেও নিজেকে ” জনগণের প্রার্থী” হিসেবে ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌরসভার বর্তমান মেয়র মোঃ আক্তারুজ্জামান খোকন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন।

প্রথম বারের মতো পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে হাতপাখা প্রতীকে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত ৫ অক্টোবর সংগঠনের জেলা কার্যালয়ে এক বিশেষ সভার গৃহীত সিদ্ধান্তে বিশিষ্ট ব্যবসায়ী ও আলেম মাও. আতাহার আলীকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন তারা।

গত ২৯ সেপ্টেম্বর পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২রা নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাকুন্দিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭ম ধাপে আগামী ২রা নভেম্বর পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ আগামী ৯ই অক্টোবর। এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ১১ই অক্টোবর, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ই অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৬ই অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ই অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ১৮ই অক্টোবর অনুষ্ঠিত হবে। পাকুন্দিয়া পৌরসভায় মোট ভোটার ২৩ হাজার ১৩০ জন ভোটারকে এবারের নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম মেশিনে ভোট দিতে হবে। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

হুমায়ুন কবীর/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর