‘নিশিরাতের গর্ভে জন্ম নেওয়া এ সরকারের গোড়ায় গলদ আছে’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাতের অন্ধকারে জনগণের ভোট ডাকাতি করে জন্ম নেওয়ায় সরকারকে ঘিরে রয়েছে লুটেরা, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও চাপাবাজ গোষ্ঠী। নিশিরাতের এ সরকারের দিবানিদ্রায় থাকায় বেয়াদবি, মিথ্যাচার, অপপ্রচার এখন তাদের মজ্জাগত হয়ে পড়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জনগণের ঘাড়ের ওপর দৈত্যের মতো চেপে বসা সরকারের মন্ত্রী-এমপিদের বাক্যদূষণ ইদানিং মহামারির পর্যায়ে পৌঁছেছে। বাংলায় একটি প্রবাদ আছে, ‘গোড়ায় গলদ’। নিশিরাতের গর্ভে জন্ম নেওয়া এ সরকারেরও গোড়ায় গলদ আছে।

তিনি আরও বলেন, ‘বেপরোয়া দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, লুটপাট, অর্থ পাচার করতে করতে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন তারা। কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী তাদের নেত্রীকে তুষ্ট করতে, একটু কৃপার লোভে ঔদ্ধত্যপূর্ণ ও অশোভন ভাষায় বক্তব্য-বিবৃতি দিয়ে সীমালংঘন করে চলেছেন।’

রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হয়েও এমপি, মন্ত্রী হওয়ায় তাদের অনেকেই রাজনীতি বোঝেন না। বোঝেন না শিষ্টাচার, ভদ্রতা, আচার-আচরণও।’

রুহুল কবির রিজভী বলেন, বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা কেবল মানসিক ভারসাম্যহীন মানুষের পক্ষেই সম্ভব। রাতে ব্যালটে সিল মারা অটো ভোটের বিতর্কিত প্রতিমন্ত্রী সন্ত্রাসীদের মতো কুৎসা রটাচ্ছেন। ভোট ডাকাতদের মুখেই এ ধরনের কথা মানায়।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর