আবারও একসঙ্গে চয়নিকা চৌধুরী-পরীমণি

অনেক আগেই বাবা, মাকে হারিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তবে সিনেমায় আসার পর থেকে তিনি একজন নারী নির্মাতাকে মায়ের মতো সম্মান করেন, অনুভব করেন। তিনি হচ্ছেন চয়নিকা চৌধুরী।

চয়নিকার প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’তে অভিনয় করেছেন পরীমণি। সেই সুবাদে দু’জনের মধ্যে স্নেহ-ভালোবাসাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। গত জুন মাসে যখন পরীমণি উত্তরা বোট ক্লাবে হেনস্তার শিকার হয়েছিলেন, তখন তার পাশে থেকে প্রতিবাদ করেছেন চয়নিকা। পরীকে সাহস যুগিয়েছেন তিনি।

কিন্তু এরপর আগস্ট মাসে পরীমণির বাসায় র‌্যাব অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করেছে। এ মামলায় তিনি প্রায় এক মাস জেলও খেটেছেন। এই বিপদের সময় চয়নিকাকে দেখা যায়নি তার পাশে। এ কারণে অনেকসমালোচনা ও বিতর্ক হয়েছিল।

অবশ্য চয়নিকা জানিয়েছিলেন, তিনিও অন্য সবার মতো টেলিভিশন লাইভে পরীর বাসায় র‍্যাবের অভিযান সম্পর্কে জানতে পারেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয় বিধায় তিনি তাৎক্ষনিক সেখানে ছুটে যাননি।

পরীমণি কারাগার থেকে মুক্তির পর অনেকের সাথেই তাকে দেখা গেছে। তবে এই প্রথম সেই মায়ের সাথে দেখা গেল পরীকে। বৃহস্পতিবার রাতে একটি ভিডিও বার্তায় একসঙ্গে হাজির হন চয়নিকা ও পরীমণি। সেখানে মূলত তারা ‘পদ্মাপুরাণ’ সিনেমার জন্য শুভ কামনা জানিয়েছেন। শুক্রবার (৮ অক্টোবর) এটি মুক্তি পেয়েছে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর