দুর্গা পূজা উপলক্ষে সিএমপি’র মতবিনিময় সভা
আসন্ন দুর্গা পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সিএমপি কমিশনার অফিসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানান।
মতবিনিময় সভায় সিএমপি কমিশনার পূজা উদযাপন পরিষদকে বলেন, দুর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। যা প্রতি বছর সুষ্ঠু সুন্দরভাবে পালনের জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা ও পরিশ্রম করে। এবারও তার বিকল্প হবেনা। এবারও পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত চট্টগ্রাম মহানগর এলাকায় ট্রাফিক ব্যবস্থাসহ সব ধরনের বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া পূজামণ্ডপে কোনো ধরনের ডিজে পার্টি হবে না। সেই সাথে আতশবাজি ফোটানো যাবেনা। পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে টহল টিমের পাশাপাশি সাদা পোষাকের পুলিশও সর্বোচ্চ দায়িত্ব পালনে নিয়োজিত থাকবে। নিরাপত্তা ব্যবস্থা সুচারুরূপে পালন করতে সব গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পর্যবেক্ষণ করা হবে। পূজার নিরাপত্তার জন্য একাধিক মণ্ডপে ক্লোজ-সার্কিট ক্যামেরাও বসানো হবে।
করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে তিনি আরো বলেন, পূজামণ্ডপে ঢোকার সময় যেন যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলা হয় সে ব্যাপারে পূজা উদযাপন পরিষদকে সচেতন থাকতে হবে। কোনোভাবেই মাস্ক পড়া ছাড়া ও স্যানিটাইজার ছাড়া পূজামণ্ডপে কেউ যাতে ঢুকতে না পারেন সে ব্যাপারে কড়া ভূমিকা পালন করতে হবে।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি