ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচকে ঘিরে বাড়তি আকর্ষণ কাজ করছে বাংলাদেশি ভক্ত-সমর্থকদের মধ্যে। কেননা দুই দলের আছেন দুই বাংলাদেশি ক্রিকেটার। কলকাতার হয়ে খেলছেন সাকিব আল হাসান ও রাজস্থানে আছেন মুস্তাফিজুর রহমান।
আজকের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে চাইলে জয় ছাড়া বিকল্প কিছু নেই তাদের সামনে। প্লে-অফে যাওয়ার লড়াইয়ে কলকাতার সবচেয়ে বড় বাধা হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
কলকাতা ও মুম্বাইয়ের পয়েন্ট ১২। তবে নেট রানে এগিয়ে আছে মুম্বাই। যদি আজকে কলকাতা জিতে যায় তাহলে চাপে থাকবে মুম্বাই। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারাতে হবে তাদের। আর যদি কলকাতা হেরে যায় তাহলে তারা মুম্বাইয়ের হার কামনা করবে। তখন কলকাতা, মুম্বাই ও রাজস্থানের পয়েন্ট হবে ১২। নেট রানে যে দল এগিয়ে থাকবে তারা প্লে-অফ নিশ্চিত করবে।
এদিকে আজকের ম্যাচে সাকিবের একাদশে থাকা নিয়ে রয়েছে শঙ্কা। কেননা চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আন্দ্রে রাসেল ও লকি ফার্গুসন। রাসেল একাদশে ফিরলে জায়গা হারাতে হবে সাকিবকে। অন্যদিকে টিম সাউদির জায়গায় খেলবেন ফার্গুসন।
যদিও সর্বশেষ ম্যাচে ভালো করেছেন সাকিব। ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট শিকার করেন তিনি। তার একাদশে থাকার জোর সম্ভাবনা রয়েছে। রাজস্থানের একাদশে একটি পরিবর্তন আসতে পারে। এভিন লুইসের জায়গায় একাদশে দেখা যেতে পারে লিয়াম লিভিংস্টোনকে।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ : শুভমান গিল, ভেঙ্কাটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), নিতিশ রানা, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সাকিব আল হাসান/আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি/লকি ফার্গুসন, শিভম মাভি, বরুণ চক্রবর্তী।
রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ: এভিন লুইস/লিয়াম লিভিংস্টোন, যশস্বী জয়সওয়াল, স্যাঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিভাম ডুবে, গ্লেন ফিলিপস, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, কুলদ্বীপ যাদব, শ্রেয়াস গোপাল, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া।
বার্তা বাজার/নব