বর্তমান সরকারকে ফ্যাসিবাদী ও তাঁবেদার মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের পার্লামেন্ট তৈরি করতে হবে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এটা কেবল বিএনপির সংকট নয়। এটা সমগ্র জাতির সংকট। এই সংকট থেকে উদ্ধার পেতে হলে আজকে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মির্জা ফখরুল বলেন, আসুন আমরা গণআন্দোলন করি। বিনা নির্বাচনের সরকারকে হটিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করি। আমাদের নেতা যিনি কিনা আজ নির্বাসিত আছে আমরা তাকে দেশে ফিরিয়ে আনি। দেশকে মুক্ত করি।
আবরার ফাহাদ হত্যার ঘটনায় মির্জা ফখরুল বলেন, সেদিন আবরার হত্যার পর যে তরুণ সমাজ সোচ্চার হয়েছিল আজকে তাদের কোনো কর্মসূচি দেখতে পাচ্ছি না। তরুণ এবং যুবকদের মাধ্যমে পরিবর্তন আসে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আমরা সেই তরুণ-যুবকদের সামনে দেখতে পাচ্ছি না।
আবরার হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এবং এ হত্যা দেশের যে সামগ্রিক সংকট সেই সংকটের একটা প্রতিচ্ছবি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
বার্তা বাজার/নব