মহামারি করোনাভাইরাসের টিকা তৈরিতে যা যা সহায়তা প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা বাংলাদেশকে দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের কথা দিয়েছে, করোনার টিকা তৈরিতে সব ধরণের সহায়তা ও কাঁচামাল সরবরাহ করবে। এতে আমরা করোনার টিকা তৈরি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারবো।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র- ওয়েসিস’র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা দেশে একদিনে ৮০ লাখের বেশি ডোজ টিকা দিয়েছি। বিশ্বের অনেক দেশ এখনও তা পারেনি। বিজয় দিবসে দেশে একদিনে ৮০ লাখের বেশি টিকা দিতে পারবো বলে আশা করছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদানে আমরা বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে আছি। দেশে প্রায় সাড়ে তিন কোটি মানুষকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর প্রায় দুই কোটি মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন।
তিনি আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে না আসলে দেশের কোনো কিছুই নিয়ন্ত্রণে থাকে না। করোনা এখন নিয়ন্ত্রণে রয়েছে। আমাদেরকেই এটা নিয়ন্ত্রণে রাখতে হবে।
বার্তা বাজার/নব