২২ কোটি টাকার কোকেন মামলায় একজনের মৃত্যুদণ্ড

খুলনার আলোচিত ২২ কোটি টাকা মূল্যের কোকেন মামলায় বিকাশ চন্দ্র মণ্ডলকে মৃত্যুদণ্ড, সোহেল রানাকে আমৃত্যু কারাদণ্ডসহ অপর ৪ আসা‌মি‌কে বি‌ভিন্ন মেয়া‌দে কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধূরী এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন দুই আসামি।

খুলনা দায়রা জজ আদালতের পিপি এনামুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ে আসা‌মি‌ বিকাশ চন্দ্র বিশ্বাস‌কে ফাঁসির দ‌ড়ি‌তে ঝু‌লি‌য়ে মৃত‌্যুদণ্ড ও এক লাখ টাকা জ‌রিমানার আদেশ দেওয়া হয়। এছাড়া সো‌হেল রানা‌কে আমৃত‌্যু কারাদণ্ড ও এক লাখ টাকা জ‌রিমানা, আরিফুর রহমান ছগীরকে ১৫ বছ‌রের সশ্রম কারাদণ্ড ও এক‌ লাখ টাকা জ‌রিমানা এবং অনাদা‌য়ে আরও ২ বছ‌রের কারাদণ্ড দেওয়া হয়ে‌ছে।

এ মামলার বাকি তিন আসা‌মি বিকাশ চন্দ্র মণ্ডল, এস এম এরশাদ আলী ও ফজলুর রহমানকে ১০ বছ‌রের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জ‌রিমান এবং অনাদা‌য়ে আরও ১ বছ‌রের বিনাশ্রম কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ১১ আগস্ট খুলনা নগরী ও দাকোপ উপজেলায় অভিযান চালিয়ে সোয়া দুই কেজি কোকেনসহ ৬ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-৬ এর সদস্যরা। উদ্ধার কোকেনের আনুমানিক মূল্য ২২ কোটি ৫০ লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন- চোরাচালান চক্রের প্রধান আসামি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী গ্রামের আরিফুর রহমান ওরফে ছগির (৬০), খুলনার রূপসা উপজেলার আইচগাতী গ্রামের সোহেল রানা (৩৫), ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গ্রামের বিকাশচন্দ্র বিশ্বাস (৩৫), খুলনা নগরীর টুটপাড়া কবরখানা মোড়ের ২৫১ আকাশ ইল্লিল ম্যানসনের বাসিন্দা এস এম এরশাদ হোসেন (৪৮), দাকোপ উপজেলা সদর চালনার বৌমার বটতলা গ্রামের বিকাশচন্দ্র মণ্ডল (৫৫) এবং একই উপজেলার মৌখালী গ্রামের ফজলুর রহমান ফকির (৩৭)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়লাপোতা মোড় এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানাকে ২৩০ গ্রাম কোকেনসহ গ্রেফতার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরীর ১৮/২ গগনবাবু রোডের একটি বাড়ি থেকে আরিফুর রহমান ওরফে ছগিরকে গ্রেফতার করা হয়। ছগীরকে গ্রেফতারের পর তাদের নিয়ে রূপসা উপজেলার রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে বিকাশচন্দ্র বিশ্বাসকে গ্রেফতার করা হয়। বিকাশের কাছ থেকে ৩টি প্যাকেটে ২ কেজি ২০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় র‌্যাবের ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর