আবারও ইনজুরিতে তামিম, ইপিএল ছেড়ে ফিরলেন দেশে

চোট যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের। হাঁটুর চোট থেকে সুস্থ হয়ে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে গিয়েছিলেন তামিম। কিন্তু সেখানে নতুন করে চোটে পড়েছেন তামিম।

বুধবার ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে কাঠমুন্ডু কিংস ইলেভেনের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। সেই ম্যাচেই বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান তামিম। ইনজুরির কারণে ইপিএল ছেড়ে দেশে ফিরেছেন তামিম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় নেপাল থেকে দেশে ফিরেছেন তামিম। দেশে ফিরে স্ক্যান করিয়েছেন তামিম। আঙুলে চিড় ধরা পড়েছে। পুরোপুরি সেরে উঠতে অন্তত ৩ সপ্তাহ লাগবে তামিমের।

এর আগে জিম্বাবুয়ে সফরে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন তামিম। যার ফলে কেবল ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরতে হয়েছিল তাকে। জিম্বাবুয়ে থেকে ফেরার পর পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তামিম। পরে মাঠে ফেরার লক্ষ্যে খেলতে গিয়েছিলেন ইপিএলে।

মূলত চোট কাটিয়ে ছন্দে ফেরার লক্ষ্যেই ইপিএলে গিয়েছিলেন তামিম। কিন্তু সেখানে আবার নতুন করে চোট বাঁধিয়েছেন তিনি। চোট থেকে সেরে উঠতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে তামিমের।

উল্লেখ্য, ইপিএলে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৫ ম্যাচ খেলে ৭৫ রান করেছেন তামিম। সেখানে চিতওয়ান টাইগার্সের বিপক্ষে ৪০ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর