রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনকে ধর্ষণের পর হত্যার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তার শরীরে ‘ফরেন বডি’ ব্যবহারের আলামত পাওয়া গেছে। ডিএনএ রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।
আনুশকা ধর্ষণ ও হত্যা মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষ পুলিশ সুপার (এসএসপি) আহসান হাবিব গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আনুশকা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে। খুব শিগগিরই এ মামলার চার্জশিট দেয়া হবে।
গত ১০ জানুয়ারি আদালতের দেয়া নির্দেশ অনুযায়ী আনুশকার ডিএনএ টেস্ট করা হয়। আনুশকার ডিএনএ রিপোর্ট নিয়ে কাজ করার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ছিলেন ডা. সোহেল মাহমুদ। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান।
তিনি গণমাধ্যমকে বলেন, ডিএনএ রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এতে ধর্ষণের আলামত পাওয়া গেছে। পাশাপাশি ফরেন বডি ইনট্রোডাকশানও পাওয়া গেছে।
উল্লেখ্য, রাজধানীর কলাবাগানে গত ৭ জানুয়ারি গ্রুপ স্ট্যাডির কথা বলে আনুশকা তার বন্ধু ও মামলার একমাত্র আসামি ইফতেখার ফারদিন দিহানের বাসায় যায়। ধর্ষণের পর প্রচুর রক্তক্ষরণের কারণে অচেতন হয়ে পড়লে তাকে অভিযুক্ত নিজেই আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছার আগেই মেয়ের মৃত্যুর খবর পান আনুশকার মা। এ মামলায় গ্রেফতার দিহান বর্তমানে কারাগারে আছেন।
বার্তা বাজার/নব