আ.লীগ নেতার বিরুদ্ধে তাঁতীলীগ নেত্রীর ধর্ষণ মামলা
গাইবান্ধার পলাশবাড়িতে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন তাঁতীলীগের এক নারী নেত্রী।
বুধবার (৬ অক্টোবর) বিকেলে ওই নারী বাদী হয়ে পলাশবাড়ি থানায় রফিকুলকে আসামি করে মামলা দায়ের করেন। ভুক্তভোগী ওই নারী তাঁতীলীগ পলাশবাড়ি উপজেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক।
আসামি রফিকুল ইসলাম পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
মামলার এজহারে বলা হয়, বিয়ের আশ্বাসে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রফিকুল ইসলাম। দীর্ঘদিনের সম্পর্কের সূত্রে রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলসহ বাসা ভাড়া করেও তার সঙ্গে থেকেছেন রফিকুল। কিছুদিন ধরে বিয়ের জন্য চাপ দিলে রফিকুল নানা তালবাহনা শুরু করে। ঘটনা প্রকাশ্যে আসার পর দলের নেতাকর্মীসহ স্থানীয়রা সমাধানের চেষ্টা করলেও রফিকুল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এমনকি ঘটনা ধামাচাপা দিতে ওই নারীকে হুমকি দিয়ে আসছিলেন রফিকুল। এ কারণে বাধ্য হয়ে রফিকুলের বিরুদ্ধে মামলা করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই নারী।
তিনি আরও জানান, ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্ত আসামি রফিুকুলকে গ্রেফতারে চেষ্টা চলছে।
তবে চেষ্টা করেও এ বিষয়ে আসামি রফিকুলের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।
বার্তা বাজার/নব