পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০

পাকিস্তানের বেলুচিস্তানে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে এই ভূমিকম্পের ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন, তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ২০ জন বলে জানানো হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা যাচ্ছে যে, বৃহস্পতিবার ভোর ৪ টা ১ মিনিটে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে যে, ভূমিকম্পের পর আতঙ্কে কোয়েটার অনেক মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

পাকিস্তানের সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পের পর বাড়ি-ঘর ভেঙে পড়ার কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্মকর্তারা বিবিসি উর্দুকে জানিয়েছেন, ভূমিকম্পে কমপক্ষে আরও তিন শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেককেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতদের উদ্ধারে অভিযান চলছে।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে হওয়া এই ভূমিকম্পে নিহতদের মধ্যে অনেকেই নারী ও শিশু। কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পের কারণে বেলুচিস্তানের হারনাই জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হারনাই জেলায় ৭০টিরও বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। এমএস হারনাই হাসপাতাল জানিয়েছে, ভূমিকম্পে নিহতদের ১০ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ৬ জনই শিশু।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর