মেসি-নেইমারের সঙ্গ ছাড়বেন না এমবাপ্পে!

গত আগস্টে শেষ হয়ে গেছে ক্লাব ফুটবলে খেলোয়ারদের দল বদল করার মৌসুম। আগামী জানুয়ারির আগে আর হবে না জার্সি পরিবর্তন। তবে এরই মধ্যে ফরাসি তারকা এমবাপ্পেকে নিয়ে চলা গুঞ্জনের আগুনে কেরোসিন ঢেলে দিলেন তারই মা ফাইজা লামারি।

সম্প্রতি এমবাপ্পে নিজেই বলেছিলেন পিএসজি ছাড়লে একমাত্র রিয়ালেই যেতে চান তিনি। তবে এমবাপ্পের মা জানালেন পিএসজিতে চুক্তি নবায়ন করতে আলোচনা চলছে।

দু’দিন আগে ফ্রান্সের দৈনিক লে’কিপের সাথে সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, গত জুলাইয়েই তিনি পিএসজিকে ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন। এ-ও বলেছেন, পিএসজি ছাড়লে তিনি শুধু রিয়ালেই যেতে চাইতেন। এরপর এমবাপ্পের রিয়ালে যাওয়ার প্রশ্ন যখন গুঞ্জন ছাপিয়ে একেবারে পাথরে খোদাই করা ভবিতব্য মনে হচ্ছিল।

এর একদিন পরেই এমবাপ্পের মা ফ্রান্সের আরেক দৈনিক পত্রিকা লা পারিসিয়েনে বললেন, এই মুহূর্তে আমরা পিএসজির সঙ্গে (এমবাপ্পের চুক্তি নবায়ন নিয়ে) কথা বলছি। সবকিছু ভালোভাবেই এগোচ্ছে। গত রাতেই (পিএসজির ক্রীড়া পরিচালক) লিওনার্দোর সঙ্গে আমার কথা হয়েছে, আমরা (চুক্তি নবায়ন নিয়ে) কোনো সমঝোতায় পৌঁছাব কি না। এতটুকু নিশ্চয়তা দিতে পারি, ও (এমবাপ্পে) চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য সবকিছুই নিংড়ে দেবে।

তাদের এমন বক্তব্যের পর অবশ্য পিএসজি আর রিয়াল কর্তৃপক্ষ বেশ তৎপর হয়ে যায়। রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানান, জানুয়ারিতে এমবাপ্পেকে নিয়ে খবর বলতে পারব। আশা করি ১ জানুয়ারি সবকিছুর সমাধান হয়ে যাবে।

আবার পিএসজির ক্রীড়া পরিচালক বলেন, পিএসজি এবং এমবাপ্পের প্রতি অশ্রদ্ধার এটি আরেকটি নমুনা। একই সপ্তাহে রিয়ালের খেলোয়াড় (করিম বেনজেমা), কোচ (কার্লো আনচেলত্তি) ও সভাপতি (ফ্লোরেন্তিনো পেরেজ) কিলিয়ানকে নিয়ে এমনভাবে কথা বললেন যেন সে এরই মধ্যে তাদের খেলোয়াড়। আমি আবারও বলছি, এই অসম্মান আমরা সহ্য করব না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর