দেশে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ৮৪৮টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন ৪ হাজার ৪৫৮জন। ইতোমধ্যে তারা মনোনয়ন পত্রও সংগ্রহ করেছেন।
আওয়ামী লীগের দপ্তর থেকে পাওয়া তথ্যানুসারে, শনিবার থেকে বুধবার (০৬ অক্টোবর) পর্যন্ত দ্বিতীয় ধাপে নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রত্যাশিরা। শনিবার ২১১, রোববার ৪৩০, সোমবার ১ হাজার ৪৩২, মঙ্গলবার ১ হাজার ৮৯২ ও বুধবার ৪৯৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
পাশাপাশি বিতরণ করা হয় সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন ফরম। এসময় ১১ জন সংগ্রহ করেন ফরম। এছাড়া ১০ পৌরসভায় মেয়র পদের জন্য ৫৩ জন ও উপজেলা নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন ১৯জন। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকালে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীর সরকার মনোনয়ন বোর্ড যৌথভাবে প্রার্থী চুড়ান্ত করবে।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এই বৈঠক শনিবার পর্যন্ত গড়াতে পারে। বৃহস্পতিবার সিরাজগঞ্জ- ৬ আসনের উপনির্বাচন, পৌরসভার ও উপজেলার প্রার্থী চূড়ান্ত করা হবে। শুক্রবার ও শনিবার ইউপি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হবে।
বার্তা বাজার/এসজে