চতুর্থ শ্রেণীর ছাত্র উপজেলা ছাত্রলীগের কমিটিতে, বাবা গর্বিত

কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটিতে আজমাইন আঞ্জুম নোয়েল নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে সদস্য পদে অধিষ্ঠিত করা হয়েছে। শিশু বয়সে একজন ছাত্রকে এভাবে রাজনীতিতে জড়ানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

জানা যায়, উপজেলা প্রতিষ্ঠার পর এই প্রথম গঠন করা হয়েছে শাখা ছাত্রলীগের কমিটি। কমিটিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহপরান সওদাগরকে সভাপতি ও বাগমারা উত্তর ইউনিয়নের সহ-সভাপতি আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়।

মঙ্গলবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে ওই কমিটিকে শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল।

তবে পোস্টে যুক্ত করে দেওয়া একটি ছবিতে দেখে যায়, সদ্য ঘোষিত কমিটির তালিকায় সাধারণ সদস্য হিসেবে নাম রয়েছে চতুর্থ শ্রেণির ছাত্র আজমাইন আঞ্জুম নোয়েলের। এরপর শুরু হয় সমালোচনার।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী শিপন তার ফেসবুকের পোস্টে লেখেন, ‘চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কুমিল্লা লালমাই উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

তবে ছেলে নেতা বনে যাওয়ায় বেশ গর্বিত হতে দেখা গেছে নোয়েলের বাবা কামালকে। তিনি বলেন, আমার ছেলের বয়স ১২। সে কুমিল্লা মহানগরীর একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। আর বঙ্গবন্ধু যেখানে ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন সেখানে আশা করি, আমার ছেলেকে নিয়ে সমস্যা হবে না। আর যদি সমস্যা মনে হয়, তাহলে আমি বিষয়টা সমাধান করবো।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল বলেন, অতিউৎসাহী কারও জন্য এমন হতে পারে। অথবা ভুলবশত ওই ছেলের নামটা যোগ হয়েছে। বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত হতে পেরেছি। এ বিষয়ে আমরা খুব দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেবো।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর