নেত্রকোনার খালিয়াজুরীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের নির্মানাধীন ঘরে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। বুধবার (০৬ অক্টোবর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই গ্রামের মৃত কিতাব আলীর ছেলে আইবুল মিয়া (৫০), তার স্ত্রী আবেদা (৪০) ও মেয়ে পিংকি (২৫)।
জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্ধ পাওয়ার পর সেটার নির্মাণ কাজ চলছিল। আইবুল মিয়ার নামে বরাদ্ধ করা ঘরে বৈদ্যুতিক মোটর দিয়ে তিনি পানি দিতেন। দুপুরের দিকে পানি দেওয়ার কাজ করার সময় অসাবধানতাবশত ছেঁড়া তারে জড়িয়ে যান। এসময় তাকে বাঁচাতে এসে স্ত্রী আবেদাও বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাদেরকে বাঁচাতে মেয়ে পিংকি এগিয়ে আসলে তিনিও জড়িয়ে যান। পিংকির কোলে থাকা তার দেড় বছরের মেয়ে এসময় ছিটকে পড়ে আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকরা খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক প্রসেনজিত দাস জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনই মারা যায়। আহত শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এসজে