ভোলার মনপুরায় প্রেমের ফাঁদে ফেলে এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগে প্রতিবেশি শামীম (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে মনপুরা থানা পুলিশ।
মঙ্গলবার (৫ অক্টোবর) আদালতের নির্দেশে মনপুরা থানা পুলিশের একটি টিম চট্রগ্রামের কোতায়ালী থানার লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
বুধবার (৬ অক্টোবর) আটককৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
মামলার এজাহার ও ভূক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ২০ মে রাত ১১ টায় মুঠোফোনে শামীম ওই যুবতীকে বাড়ীর পাশে পুকুর পাড়ে আসতে বলে। বিয়ের প্রলোভন দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
একপর্যায়ে মুখ থেকে হাত সরিয়ে নিলে ওই যুবতী চিৎকার দেয়। পরে এলাকার লোকজন এসে ওই যুবক ও যুবতীকে বিবস্ত্র অবস্থায় আটক করে। পরে স্থানীয় মাতাব্বররা বিয়ের আশ্বাস দিয়ে যুবককে ছেড়ে দেয়। কোন উপায় না পেয়ে ভোলা নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করে ভূক্তভোগী পরিবার।
আদালতের নির্দেশে মনপুরা থানা সোমবার (৪অক্টোবর) নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নেয়। পরদিন পুলিশ অভিযান চালিয়ে চট্রগ্রাম থেকে ওই যুবককে আটক করে।
এই ব্যাপারে মনপুরা থানার (ওসি) সাইদ আহমেদ জানান, ভোলা নারী ও শিশু নির্যাতন আদালতের নির্দেশে মনপুরা থানায় ধর্ষণ মামলা নেওয়া হয়। পরে চট্রগ্রামে অভিযান চালিয়ে ধর্ষণের আসামী শামীমকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আরিফ হোসেন/বার্তা বাজার/টি