‘রোহিঙ্গাদের দাওয়াত করে আনিনি, অন্য কোথাও যেতে চাইলে যাক’

ভাসানচর ও ক্যাম্প থেকে রোহিঙ্গারা পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, তাদেরকে আমরা দাওয়াত করে আনিনি। অন্য কোথাও তারা চলে যেতে চাইলে যাক।

বুধবার (০৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা রোহিঙ্গাদের জন্য ইন্টারনেট খুলে দিয়েছি। তারা এখন সেই ইন্টারনেট ব্যবহার করছেন। ইন্টারনেটে তারা বিদেশে তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন। এখানে (বাংলাদেশে) তারা কেন থাকেন, তা নিয়ে তাদের আত্মীয়রা রাগারাগি করেন। সে কারণে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা তো আর রোহিঙ্গাদের দাওয়াত করে আনিনি। তারা নিজের দেশে বা অন্য কোথাও যেতে চাইলে, যাক। সেটা আমাদের সমস্যা নয়।

তিনি আরও বলেন, ক্যাম্পের বাইরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা পালিয়ে গেলে আমরা তাদের ফেরত নিয়ে আসি। ভাসানচরে যেকোনো সময় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর যাবে। দিনক্ষণ আমি জানি না। তবে এটা ফাইনাল হয়েছে।

তিনি জানান, এবারের জাতিসংঘ অধিবেশনে অনেকে মনে করেছিলেন, আফগানিস্তান ইস্যুতে রোহিঙ্গা ইস্যু চাপা পড়ে যাবে। তবে সেটা হয়নি। রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের নেতারা সেখানে সরব ছিলেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর