রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য চলতি বছর যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন জার্মানির বেঞ্জামিন লিস্ট ও যুক্তরাজ্যের ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান।
বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস চলতি বছর রসায়নে নোবেল জয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।
গতবছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল শারপঁসিয়ে ও মার্কিন বিজ্ঞানী জেনিফার এ ডাউডনা। জীবন পুনঃলিখনের তত্ত্ব দিয়ে তারা নোবেল পুরস্কার জেতেন।
এর আগে গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান মার্কিন আবহাওয়াবিদ শুকুরো মানাবে, জার্মানির পদার্থবিদ ক্লাউস হ্যাসেলম্যান ও ইতালীয় সমুদ্রবিজ্ঞানী জর্জিও পারিসি।
পৃথিবীর জলবায়ু ব্যবস্থার ভৌত মডেল, পরিবর্তনশীলতা পরিমাপ ও নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণায়নের পূর্বাভাস দেওয়ার জন্য মানাবে ও হ্যাসেলম্যান এবং বিশৃঙ্খলার পারস্পরিক ক্রিয়া এবং আণবিক থেকে বৃহদাকার পরিবেশে ভৌত ব্যবস্থায় ওঠানামার আবিষ্কারের জন্য পারিসি নোবেল পুরস্কার পান।
সোমবার (৪ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস ও আরডেম পটাপৌটিয়ান। তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের গবেষণায় চিকিৎসায় যৌথভাবে নোবেল পুরস্কার পান তারা।
প্রতি বছর শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা ও অর্থনীতি এই ৬ বিষয়ে যারা বিশেষ অবদান রেখেছেন তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়। সুইডেনভিত্তিক নোবেল ফাউন্ডেশন এই পুরস্কার প্রদান করে থাকেন। ৪ অক্টোবর থেকে আগামী ১১ অক্টোবর পর্যন্ত নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল মৃত্যুর আগে ৩ কোটি ১০ লাখ ক্রোনার (আজকের বাজারে ১৮০ কোটি ক্রোনার) রেখে গিয়েছিলেন। তার রেখে যাওয়া সেই অর্থ থেকে ১৯০১ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে এই ৫ বিষয়ে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে ১৯৬৮ সালে এ তালিকায় অর্থনীতিকে যুক্ত করা হয়।
বার্তা বাজার/নব