৫ দিনের রিমান্ডে কনক সারোয়ারের বোন রাকা

যুক্তরাষ্ট্রপ্রবাসী বিতর্কিত সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনদিন ও মাদক মামলায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে রাকাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। উত্তরা পশ্চিম থানায় মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক দুই মামলায় রাকাকে সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুল মিল্লাত।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় রাকাকে তিনদিন ও ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি মাদক মামলায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উসকানিমূলক তথ্য প্রচারের কারণে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র‌্যাব।

র‌্যাব জানায়, সম্প্রতি বিদেশে অবস্থানকারী একটি ‘চক্র’ দেশীয় এজেন্টদের যোগসাজশে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাচ্ছে। যারা এ ধরনের অপকর্ম করছে তাদের ধরতে র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। ভাইকে সাহায্য করতে এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন রাকা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর