সাতক্ষীরার আশাশুনি উপজেলার সুভদ্রাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে শিক্ষক অনুপস্থিতির অভিযোগ উঠেছে। গত সোমবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এমন অভিযোগ পাওয়া যায়।
সরেজমিনে গিয়ে জানা যায়, মাত্র দু’জন শিক্ষক দিয়ে ১৪০ জন শিক্ষার্থীর শ্রেণি কার্য্ক্রম পরিচালিত হচ্ছে। এতে বিদ্যালয় ম্যানেজিং কমিটিসহ অভিভাক বৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন। জানা যায়, মোঃ নূর মোহাম্মদ নামে একজন সহকারী শিক্ষক চলে যাওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এরশাদ আলী অভিযোগ করে বলেন, সহকারী শিক্ষক মোঃ নূর মোহাম্মদ এর অনুপস্থিতির বিষয়টি গত ২২ দিনে প্রধান শিক্ষকের কাছে একাধিকবার জানতে চেয়েছি। প্রধান শিক্ষক বিষয়টি দেখছেন বলে একাধিকবার আশ্বস্ত করেন।
গত ১৮ সেপ্টেম্বর শিক্ষক অনুপস্থিতির বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা প্রশাসনের সাথে যোগাযোগ করতে চাইলে প্রধান শিক্ষক বাধা দিয়ে বলেন, আমি বিষয়টি দেখছি। হঠাৎ করে গত ০৪ অক্টোবর প্রধান শিক্ষক জানান, সংশ্লিষ্ঠ শিক্ষক বদলী হয়ে অন্য বিদ্যালয়ে যোগ দান করেছেন। সহকারী শিক্ষক মোঃ নূর মোহাম্মদ এর বদলী হওয়ার পিছনে প্রধান শিক্ষকের সহযোগিতা রয়েছে বলে আমার ধারনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালিদ হোসেন সংশ্লিষ্ট শিক্ষক বদলীতে তার সহযোগিতার বিষয়টি অস্বীকার করে বলেন, সহকারী শিক্ষক মোঃ নূর মোহাম্মদ এর বদলীর বিষয়ে তিনি কিছুই জানেন না। সংশ্লিষ্ঠ শিক্ষককে ফিরে পাওয়ার জন্য তিনি উপজেলা থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ের সকল উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেও কোনো ফল পান নি। তিনি আরো জানান, ০৭ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত স্কুল করে হঠাৎ শিক্ষক চলে যাওয়ার বিষয়টি অপ্রত্যাশিত।
অভিযুক্ত সহকারী শিক্ষক মোঃ নূর মোহাম্মদ জানান, মৌখিক আদেশে তিনি বদলী হয়েছেন। তার কাছে বদলী আদেশের লিখিত কোন ডকুমেন্ট নাই। বিস্তারিত জানতে চাইলে তিনি উপজেলা শিক্ষা প্রশাসনের সাথে কথা বলতে বলেন।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী জানান, বিধিসম্মত ভাবে ওই শিক্ষককে বদলী করা হয়েছে। অথচ শিক্ষক বদলী নীতিমালার ৩.৫ ধারার সাথে বিষয়টি সাংঘর্ষিক।
মীর খায়রুল আলম/বার্তা বাজার/অমি