‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ বা মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্সের সুবাদে সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় হওয়ার তালিকায় আছেন তিনি।
বুধবার (৬ অক্টোবর) এক বিবৃতি দিয়ে প্রকাশ করে সেপ্টেম্বরের সেরা খেলোয়াড়ের লড়াইয়ে থাকা তিনজনের নাম প্রকাশ করেছে। বাংলাদেশের নাসুম ছাড়াও এ তালিকায় আছেন নেপালের সন্দ্বীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের জশকরন মালহোত্রা।
কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই সিরিজে ৫ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেন নাসুম। সিরিজের চতুর্থ ম্যাচে ১০ রান দিয়ে নেন ৪ উইকেট।
এদিকে আইসিসি বিশ্বকাপ লিগ ২-এ ৬টি ওয়ানডে ম্যাচে ১৮ উইকেট শিকার করেন লামিচানে। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ১১ রান দিয়ে শিকার করেন ৬ উইকেট। অন্যদিকে একই টুর্নামেন্টে মালহোত্রা ৬ ম্যাচে ২৬১ রান করেছেন। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে এক ওভারে ৬ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন তিনি।
মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির সেরা খেলোয়াড় হওয়ার মনোনয়ন পেয়েছেন নাসুম। মুশফিক মে মাসের ও সাকিব জুলাই মাসের সেরা খেলোয়াড় হয়েছিলেন। এবার নাসুম সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় হতে পারেন কিনা সেটাই দেখার পালা।
বার্তা বাজার/নব