নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই: কাদের

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৬ অক্টোবর) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনকালে নির্বাচন সংক্রান্ত সবকিছুই নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই সবকিছু।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন চলাকালে সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে, আর নির্বাচন কমিশনকে একটি স্বাধীন কর্তৃত্বপূর্ণ অবাধ, নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করে থাকে।

‘আওয়ামী লীগ থেকে বাঁচতে জনগণ বিএনপিকে ভোট দিচ্ছে’- বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ থেকে বাঁচতে নয় বরং বিএনপির দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ স্বস্তিতে আছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষ এতোটাই বিভ্রান্ত নয় যে, তারা বিএনপির হঠকারী রাজনীতির ফাঁদে ঝাঁপ দেবে?

তিনি আরও বলেন, বিএনপি থেকে অনেক আগেই জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। সাম্প্রতিক উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনেই এর প্রমাণ পাওয়া গেছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর