প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি নাগরিক টিকা পাবে। কেউ টিকা থেকে বঞ্চিত হবে না। সবাই যাতে টিকা পায় আমরা সেই ব্যবস্থা করবো।
বুধবার (৬ অক্টোবর) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ১১৯তম এবং ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশেই টিকা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। এমনও হয়েছে যে একজন এক ডোজ পেয়েছে হয়তো ছয় মাস হয়ে গেছে কিন্তু দ্বিতীয় ডোজ পাচ্ছে না। কিন্তু বাংলাদেশে আমরা পরিকল্পিতভাবেই টিকা দিয়ে যাচ্ছি।
বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সর্বদাই এটা মনে রাখতে হবে এই দেশ আমাদের। এই মাটি আমাদের। এই মানুষ আমাদের। তাদের ভাগ্য পরিবর্তন করা তাদের জন্য একটা সুন্দর জীবন দেওয়াই হচ্ছে লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে আসলে মূল চালিকাশক্তি হচ্ছে এই মাঠ প্রশাসন। কাজেই আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব সেভাবে পালন করবেন। এটাই আমি চাই।
সরকার প্রধান বলেন, করোনাকালীন সময়ে মানুষের সেবা করতে গিয়ে অনেকে জীবন দিয়েছেন। কিন্তু আমাদের প্রশাসনের সবাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে টিকাদান কর্মসূচিতে কাজ করে যাচ্ছেন এবং টিকা দিয়ে যাচ্ছেন। টিকাদান কর্মসূচিগুলো সুন্দরভাবে চলছে। টিকাদান কর্মসূচির পরিচালনার সঙ্গে যুক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আমাদের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্যবিভাগ এবং আমার নিজের দলের নেতাকর্মীদের টিকাদান কর্মসূচিতে শৃঙ্খলা রক্ষা করতে নির্দেশ দিয়েছি। যাতে করে মানুষ ঠিকমতো টিকা পায়। সবাই মিলে কাজ করায় আমরা এখানে দারুণ এক সাফল্য অর্জন করতে পেরেছি। দেশের কোনো মানুষই টিকা বঞ্চিত হবে না।
বার্তা বাজার/নব