খুলনায় স্ত্রী জোয়ানা আক্তারকে (২০) হত্যার দায়ে পুলিশের সাবেক এপিবিএন কনস্টেবল মাহমুদ আলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন।
আসামি মাহমুদ আলম সাতক্ষীরা জেলার আশাশুনি থানার জামালনগর গ্রামের জবেদ আলী সরকারের ছেলে। তিনি খুলনার শিরোমনিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ৫ এপ্রিল রাতে স্ত্রী জোয়ানা আক্তার ঊষাকে মারধর ও শ্বাসরোধে হত্যা করেন স্বামী মাহমুদ আলম। ঘটনার পরদিন নিহতের ভাই জি এম সোহেল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন। ওইদিন বিকেলে মাহমুদ আলমকে আটক করা হয়।
বার্তা বাজার/নব