রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: তিনদিনের রিমান্ডে তিন আসামি

রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেফতার আরও তিন আসামির আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (৬ অক্টোবর ) দুপুর সাড়ে ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত আসামি জিয়াউর রহমান, আব্দুস সালাম ও মো. ইলিয়াসকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার (৩ অক্টোবর) এ ঘটনায় গ্রেফতার দুই আসামি মোহাম্মদ সলিম উল্লাহ ওরফে লম্বা সেলিম ও শওকত উল্লাহকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ নিয়ে ৫ আসামিকেই ৩ দিন করে রিমান্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট এর ব্লক-ডি ৮ এ নিজ সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের অফিসে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ।

ঘটনার পরদিন ৩০ সেপ্টেম্বর নিহতের ছোট ভাই হাবিবউল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা করেন।

পরে শুক্রবার (১ অক্টোবর) দুপুরে কুতুপালংয়ের ৬ নম্বর রোহিঙ্গা শিবির এলাকা থেকে মোহাম্মদ সলিম উল্লাহ ও উখিয়া থেকে শওকত উল্লাহকে গ্রেফতার করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা। পরদিন শনিবার (২ অক্টোবর) ভোররাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জিয়াউর রহমান ও আব্দুস সালামকে গ্রেফতার করা হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর