গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন নওগাঁ এবং একজন রাজশাহী জেলার বাসিন্দা।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বুধবার (৬ অক্টোবর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগীর মৃত্যুর তথ্য নেই। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে নওগাঁর দুজন এবং রাজশাহীর একজন মারা গেছেন।
গত এক দিনে হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) দুজন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন রোগী মারা গেছেন। এদের মধ্যে একজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন।
এদিকে ১৯২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৯১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৮৫। বর্তমানে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নাটোরের চারজন, নওগাঁর ১৬ জন, পাবনার ৯ জন, কুষ্টিয়ার তিনজন, জয়পুরহাটের একজন, সিরাজগঞ্জের একজন, মেহেরপুরের একজন এবং দিনাজপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
বার্তা বাজার/অমি