বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কসহ সিরাজগঞ্জের ৩টি রুটে অন্তত ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভইয়াবহ যানজটে এসব রুটে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। মঙ্গলবার (০৫ অক্টোবর) মধ্যরাতে এই দৃশ্য দেখা গেছে। সন্ধ্যায়ও এই এলাকাজুড়ে ছিল ২০ কিলোমিটার দীর্ঘ যানজট।
দুপুরের দিকে জরাজীর্ণ নলকা সেতু ও এর দুপাশে খানাকন্দ থাকায় এই জটের সৃষ্টি হয়েছে। তীব্র যানজটের কারণে সিরাজগঞ্জ শহরে প্রবেশের বিভিন্ন আঞ্চলিক সড়কেও যানবাহন ঢুকে আরও নাজেহাল অবস্থার সৃষ্টি করেছে।
জানা যায়, দিনভর অল্প পরিসরে যানজট থাকলেও বিকালে তা ধারণ করে তীব্র আকার। সন্ধ্যা গড়িয়ে রাত হতেই এর মাত্রা ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১৪ কিলোমিটার, হাটিকুমরুল গোলচত্বর থেকে ভুঁইয়াগাঁতী পর্যন্ত ১৫ কিলোমিটার ও হাটিকুমরুল গোলচত্বর থেকে রাজশাহী রুটের নাঈমুড়ী বাজার পর্যন্ত ৬ কিলোমিটার ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ের ট্রাফিক সার্জেন্ট ফয়সাল আহমেদ জানান, নলকা সেতুর কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। হাটিকুমরুল গোলচত্বর ছাড়িয়ে যানজট ভুঁইয়াগাঁতী বাজার পর্যন্ত ছড়িয়ে গেছে। অপরদিকে রাজশাহী রুটের গোঁজা ব্রিজ পার হয়েছে। আমরা যানজট নিরসনের চেষ্টা করছি।
সিরাজগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান সালেক বলেন, মহাসড়কে খানাখন্দের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পশ্চিমে পাঁচলিয়া ও পূর্বদিকে ঝাঐল ওভারব্রিজ পর্যন্ত যানজট রয়েছে। রাস্তা খারাপের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। অপরদিকে নলকা সেতুতে সংস্কার কাজ শুরু করেছে সড়ক বিভাগ। এ কারণেও যানজটের তীব্রতা বাড়ছে। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে।
বার্তা বাজার/এসজে