রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫টি ডেন্টাল চেয়ার ক্রয় করার নামে ১ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কলেজটির সাবেক অধ্যক্ষ ও এক ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে। এ ঘটনায় তাদের নামে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপ-সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার।
মামলায় আসামি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ ও ‘থ্রি আই মার্চেন্ডাইজ ঠিকাদার প্রতিষ্ঠানের’ মালিক মোহাম্মদ মোকছেদুল ইসলাম।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে মোট ৫টি ডেন্টাল চেয়ার ও এক্সেসরিজ ক্রয় করে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু বাজাকার বিশ্লেষণ করে দেখা যায়, প্রকৃত বাজার মূল্যের চেয়ে ১ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা বেশি দামে চেয়ারগুলো কেনা হয়েছিল। তারা উভয়ে যোগসাজশে প্রতারণা ও জালিয়ারতির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে নেন। এই ক্রয়ে পরিকল্পনা, বাজারদর যাচাই, অফিসিয়াল প্রাক্কলন প্রস্তুত, টেন্ডার ওপেনিং কমিটি ও কারিগরি মূল্যায়ন কমিটিসহ প্রভৃতি শর্তাদি পালন করা হয়নি।
আসামিদের নামে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪২০/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগেও ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর যন্ত্রপাতি ক্রয় করার নামে সরকারের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল এই মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ ডা. মো. নুর ইসলাম ও ঠিকাদারি প্রতিষ্ঠানসহ ছয় জনের বিরুদ্ধে। তখন ‘রংপুর মেডিকেল কলেজে যন্ত্রপাতি না কিনেই গায়েব ৪ কোটি টাকা’ শিরোনামে সংবাদও প্রকাশ হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে।
বার্তা বাজার/এসজে