রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ডাকসুর সাবেক ভিপি ও কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুর নুরসহ ৫ জনকে অব্যহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৫ অক্টোবর) পিবিআইয়ের দাখিল করা চার্জশিট গ্রহণ করে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।
পাশাপাশি ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলা থেকে অব্যহতি পাওয়া অন্যরা হলেন, ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও নাজমুল হাসান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নাজমুল হুদা এবং কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ হিল বাকি।
পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, তাদের তদন্তে নুরসহ ৫ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো প্রমান পাওয়া যায়নি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যলয়ের ইসলামিক স্টাডিজের এক শিক্ষার্থী হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছিলেন। পাশাপাশি ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে নুরকেও আসামি করা হয়েছিল। মামলার তদন্ত শেষে পিবিআই শুধুমাত্র হাসান আল মামুনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দেয়।
মামলার এজাহারের বাকি পাঁচ আসামিকে অব্যহতির সুপারিশ করা হয়। শুনানিতে আসামিদের পক্ষে ছিলেন সিরাজুল ইসলাম ও খাদেমুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নজরুল ইসলাম শামীম।
বার্তা বাজার/এসজে