প্রধানমন্ত্রীকে কটুক্তি: সেন্ট জোসেফ কলেজছাত্রকে পুলিশে দিল ছাত্রলীগ
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন নিয়ে ‘কটূক্তিমূলক’ মন্তব্য করায় নাটোরের বড়াইগ্রামে সজল আহমেদ (১৮) নামের এক কলেজছাত্রকে ধরে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (০৫ অক্টোবর) বেলা ১১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকায় এই ঘটনা ঘটে। আটক সজল একই এলাকার সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে জেলার লালপুর উপজেলার চসুডাঙ্গা গ্রামের মাসুদ প্রামাণিকের ছেলে।
এ বিষয়ে বনপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস জানান, ওই কলেজ ছাত্র সজল প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেছে। বিষয়টি আমাদের নজরে আসায় তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
এদিকে সজল জানান, আমি ঐ পোস্টটি অন্য একজনের আইডি থেকে নিয়ে শেয়ার করেছিলাম। কাজটি না জেনে করেছি। আমার কোনো উদ্দেশ্য ছিল না।
এ ব্যাপারে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, পৌর ছাত্রলীগ কর্তৃক সজল নামের একজনকে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেনও মোবাইলে সজলকে আটক পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য বলেছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা বাজারে/এসজে