জাতিসংঘের অধিবেশন থেকে ফিরে সোমবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন করেছিলেন, কারা, কেন, কী কারণে, কোন সুখের স্বপ্নে, কোন আশায় বিএনপিকে ভোট দেবে?
মঙ্গলবার (০৫ অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তর দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনকে বিএনপি বলেছে, শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে করা মিথ্যাচারের অনানুষ্ঠানিক প্রতিক্রিয়া।
তিনি বলেন, আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে। দেশের মানুষ শাসক দলের ওপর অতিষ্ঠ হয়ে গেছে। তাই তারা বিএনপিকে ভোট দেবে। তাঁদের হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে। তাঁরা দেশের যে অবস্থা তৈরি করেছেন, তাতে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। জীবিকারও কোনো নিরাপত্তা নেই। চারদিকে ভয় ও ত্রাস। সন্ত্রাস ছাড়া আর কোনো কিছুই নেই। মানুষ অতিষ্ঠ।
মির্জা ফখরুল আরও বলেন, ১০ টাকা কেজির চাল খাওয়াবেন বলে তাঁরা ক্ষমতায় এসেছিলেন। এখন ৭০ টাকা কেজির চাল। ফলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাঁরা বিনা পয়সায় সার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা দেননি। মানুষ কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য বিএনপিকে ভোট দেবে।
বার্তা বাজার/এসজে