ছাত্রদল নেতাকে না পেয়ে তার বাবা-দুই চাচাকে গ্রেফতার!

বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তাকে না পেয়ে তার বাবা আক্কাস শেখ, চাচা আতর আলী শেখ ও এবাদত শেখকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০৪ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

মির্জা ফখরুল বলেন, “বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী সরকার এখন জনবিস্ফোরণের ভয়ে ভীত। তাই সরকার নানাভাবে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল-বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে হয়রানী করেছে। তারই ধারাবাহিকতায় গতরাতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের বাড়ীতে গ্রেফতার অভিযান চালায় পুলিশ। সবচেয়ে নিষ্ঠুর অমানবিকতা এই যে, নয়নকে বাড়ীতে না পেয়ে তার বৃদ্ধ পিতা ও দুই চাচাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, জনসমর্থনহীন বিনা ভোটের সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যন্ত্রকে কব্জায় নিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা ভুলুন্ঠিত করা হয়েছে। আওয়ামী লীগ সরকার বিএনপিসহ দেশের সকল বিরোধী দল সমূহকে দমন করতে নব্য বাকশালী শাসন বলবৎ রেখে জনগণকে শাসন ও শোষণ করতে চায়।

রাজনীতিকে নস্যাৎ করতে আওয়ামী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসনে মাতোয়ারা হয়ে উঠেছে। মানবতাবিরোধী সকল কর্মকান্ডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করা হচ্ছে। ভোট ছাড়াই রাষ্ট্রীয় ক্ষমতা জবরদখলকারী বর্তমান গণবিচ্ছিন্ন সরকার তাদের বেসামাল অবস্থাকে সন্ত্রাসী কায়দায় সামাল দেয়ার জন্যই বিএনপি’র নেতাকর্মীদেরকে দমন-নিপীড়ণে লিপ্ত রয়েছে।

কিন্তু সরকারের এসব অন্যায় ও কুমতলব তছনছ করে দেশে হারানো গণতন্ত্র, রাজনীতি ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে জনগণ এখন রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করেছে।

বিএনপি মহাসচিব বিবৃতিতে অবিলম্বে রবিউল ইসলাম নয়ন এর পিতা আক্কাস শেখ, চাচা আতর আলী শেখ ও এবাদত শেখের নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর