রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া ৪ শিশুকে পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে দু’জনকে রাজধানীর সদরঘাট ও বাকি দু’জনকে উদ্ধার করা হয়েছে নেত্রকোনা থেকে। গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন মিরপুর মডেল থানার ওসি ও ডিবির মিরপুর বিভাগের উপ-কমিশনার।
মিরপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নেত্রকোনা থেকে নিখোঁজ দুই জন শিশুকে আমাদের একটি টিম উদ্ধার করেছে। তবে এই বিষয়ে বেশি কিছু বলা সম্ভব না। ওই দুই শিশুকে উদ্ধার করে থানায় আনা হচ্ছে। তারা এখন পথে।
এদিকে ডীবির উপ-কমিশনার মানস কুমার পোদ্দার জানান, অন্য দুই শিশুকে সদরঘাট থেকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে আজকে সকালে সদরঘাট থেকে উদ্ধার করা হয়েছে।
তবে এসব শিশুরা হারিয়ে গিয়েছিল না কি অপহৃত হয়েছিল তার কোনো উত্তর দিতে রাজি হননি তিনি। বলেন, যেহেতু তারা শিশু তাই তাদের বিষয়ে আর কোনো তথ্য দেওয়া যাচ্ছে না।
জানা যায়, নেত্রকোনায় উদ্ধার হওয়া শিশুরা গত ২৯ সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে নিখোঁজ হয়েছিল। এছাড়া সদরঘাটে পাওয়া দুই শিশু শুক্রবার (১ অক্টোবর) জনতা হাউজিং এলাকা থেকে নিখোঁজ হন।
বার্তা বাজার/এসজে