মেয়রের কক্ষে শ্রমিক নেতার পিস্তলের গুলি!

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়রের কক্ষে গুলির ঘটনায় ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও কক্ষে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুরে মেয়রের কার্যালয়ে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে মেয়র জানান, দুপুরে সিটি কার্যালয়ে তাঁর সংগে দেখা করতে আসেন রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক। কথা বলার একপর্যায়ে মোজাম্মেল হক তাঁর পকেট থেকে মোবাইল বের করতে গেলে তাঁর লাইসেন্সকৃত পিস্তল নিচে মেঝেতে পড়ে যায়। এতে বিকট শব্দ হয়। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন। শব্দ হলেও রুমে গুলির কোনো চিহ্ন বা খোসা খুঁজে পাওয়া যায়নি।

জানা যায়, গুলির ওই ঘটনার সময় মেয়রের কক্ষে একটি বেসরকারি সংস্থা কর্তৃক আয়োজিত ছায়া সংসদের কার্যক্রম হিসেবে প্রতীকী মেয়রের দায়িত্ব পালন অনুষ্ঠান চলছিল।

এদিকে শ্রমিক নেতা মোজাম্মেল হক জানান, পকেট থেকে মোবাইল বের করতে গিয়ে পিস্তল মাটিতে পড়ে যায়। ১৯৮০-এর দশকে তৈরি পিস্তলটিতে অসাবধানতাবশত একটা গুলি আটকে থাকায় তা বের হয়ে শব্দ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাজ্জাদ হোসেন জানান, ঘটনার পর তারা পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন। তেমন কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনাটি একটি দুর্ঘটনা বলে তারা ধারনা করছেন। এই ঘটনায় মহানগর পুলিশের কোতোয়ালী থানায় মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বাদী হয়ে একটি জিডি করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর