নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইলকারী চক্রের নারীসহ ৩ সদস্য গ্রেফতার

রাজশাহীতে প্রেমের ফাঁদে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় চক্রের দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ অক্টোবর) রাতে নগর পুলিশের গোয়েন্দা শাখার একটি দল নগরীর অলোকার মোড় এলাকায় অভিযান চালিয়ে এই প্রতারক চক্রকে গ্রেফতার করে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন, রাজশাহী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

গ্রেফতারকৃত আসামিরা হলো- পবা থানার চৌবাড়িয়া এলাকার ফরিদ হোসেনের স্ত্রী এবং এ চক্রের মূলহোতা নার্গিস নাহার হেলেনা (৫২), বোয়ালিয়া থানার সুলতানাবাদ এলাকার আমিনুর রহমানের ছেলে বাপ্পি (৩২) এবং পঞ্চবটি এলাকার রানার স্ত্রী কোহিনুর রাত্রী (৪৩)।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, প্রেমের ফাঁদ পেতে বিভিন্ন পেশাজীবী লোকজনকে কৌশলে বাসায় নিয়ে যেত এই চক্র। এরপর নারীর সঙ্গে অশ্লীল ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করতো। এই চক্রের প্রতারণার শিকার হয়েও নিজেদের সম্মান, পারিবারিক ও সামাজিক মর্যাদার দিকে চেয়ে ভয়ে অনেকেই অভিযোগ করেন না।

তবে সম্প্রতি এক ব্যক্তিকে কৌশলে সুলতানাবাদ এলাকার একটি বাসা বাড়িতে নিয়ে গিয়ে জোর করে নারীর সঙ্গে অশ্লিল ছবি তুলে এই চক্র। এরপর তার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। তাৎক্ষনিকভাবে তারা ১৮ হাজার টাকা নেয়। এরপর ২০ হাজার টাকা নেয়ার জন্য পরিবারের সদস্যের বিকাশ নাম্বার দেয়। প্রতারণার শিকার ওই ব্যক্তির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে উদ্ধার করে।

পুলিশ কমিশনার আরও বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে নার্গিস এই চক্রটি নিয়ন্ত্রণ করে আসছে। এ চক্রের অনেকেই এরআগে গ্রেফতার হলেও ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় নার্গিস। সে নারীদের ভাড়া করে নিয়ে গিয়ে লোকজনকে জিম্মি করতো। সর্বশেষ তিনি কোহিনুরকে তিন হাজার টাকায় ভাড়া করে নিয়ে যায়।

মাহাবুল ইসলাম/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর