পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন- মার্কিন পদার্থবিজ্ঞানী শুকুরো মানাবে, জার্মানির পদার্থবিজ্ঞানী ক্লাউস হ্যাসেলম্যান ও ইতালীয় পদার্থবিজ্ঞানী জর্জিও পারিসি।
মঙ্গলবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করেছে।
পৃথিবীর জলবায়ু ব্যবস্থার ভৌত মডেল, পরিবর্তনশীলতা পরিমাপ ও নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণায়নের পূর্বাভাস দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুকুরো মানাবে এবং জার্মানির হামবুর্গের ম্যাক্স প্লাঙ্ক ইনিস্টিটিউট অব মেট্রোলজির ক্লাউস হ্যাসেলম্যান এ বছরের নোবেল পুরস্কারের অর্ধেক পেয়েছেন।
অন্যদিকে বিশৃঙ্খলার পারস্পরিক ক্রিয়া এবং আণবিক থেকে বৃহদাকার পরিবেশে ভৌত ব্যবস্থায় ওঠানামার আবিষ্কারের জন্য ইতালির সাপিয়েঞ্জা ইউনিভার্সিটি অব রোমের জর্জিও পারিসি নোবেল পুরষ্কারের বাকি অর্ধেক পেয়েছেন।
পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনারের অর্ধেক অর্থাৎ ৫০ লাখ ক্রোনার পাবেন মানাবে ও হ্যাসেলম্যান এবং বাকি অর্ধেক পাবেন পারিসি।
গত বছরও পদার্থবিজ্ঞানে তিনজন নোবেল পেয়েছিলেন। তারা হলেন- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানী রজার পেনরোস, মার্কিন জ্যোতির্বিদ রেইনহার্ড গেঞ্জেল ও জার্মান পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজ।
গতকাল সোমবার (৪ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের গবেষণায় চিকিৎসায় যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস ও আরডেম পটাপৌটিয়ান।
প্রতি বছর শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা ও অর্থনীতি এই ৬ বিষয়ে যারা বিশেষ অবদান রেখেছেন তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়। সুইডেনভিত্তিক নোবেল ফাউন্ডেশন এই পুরস্কার প্রদান করে থাকেন। ৪ অক্টোবর থেকে আগামী ১১ অক্টোবর পর্যন্ত নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল মৃত্যুর আগে ৩ কোটি ১০ লাখ ক্রোনার (আজকের বাজারে ১৮০ কোটি ক্রোনার) রেখে গিয়েছিলেন। তার রেখে যাওয়া সেই অর্থ থেকে ১৯০১ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে এই ৫ বিষয়ে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে ১৯৬৮ সালে এ তালিকায় অর্থনীতিকে যুক্ত করা হয়।
বার্তা বাজার/নব