এখনই টিকা পাচ্ছে না ১৮ বছরের কম বয়সীরা: স্বাস্থ্যের ডিজি
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, ১৮ বছরের কম বয়সীরা এখন টিকা পাচ্ছে না। এ ব্যাপারে আলোচনা চলছে। সিটি করপোরেশনের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার (৫ অক্টোবর) সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ভবনে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা সংরক্ষণের সক্ষমতা পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, এবার ঢাকা ছাড়াও বড় বিভাগীয় শহর ও জেলা পৌরসভায় ফাইজারের টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও প্রস্তুতি শেষ করে খুব দ্রুতই দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮২ লাখ টিকা দেওয়া হয়েছে। বর্তমানে দেশে প্রতিদিন ৫ লাখ করে টিকা দেওয়া হচ্ছে। এ হিসেবে সপ্তাহে ৩০ লাখ এবং মাসে ১ কোটি ২০ লাখ টিকা দেওয়া হচ্ছে। এভাবে টিকা দিতে থাকলে দ্রুত লক্ষ্যমাত্রা অনুযায়ী সকলকে টিকার আওতায় আনা সম্ভব।
এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/নব