আগামী নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না: কাদের
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে নির্মাণাধীন দ্বিতীয় আমিনবাজার সেতু পরিদর্শনে গিয়ে এ কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, আগামী নির্বাচনে বর্তমান সরকার কোনো হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। রাষ্ট্রপতি সবাইকে নিয়ে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ের কোনো সুযোগ নেই।
ওবায়দুল কাদের বলেন, কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী যথাসময়ে ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেউ আসুক বা না আসুক, নির্বাচন কারো জন্য বসে থাকবে না।
আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বার্তা বাজার/নব