ঢাকার সাভার থেকে নিখোঁজ সেই অটোচালক মাসুদ শেখ এর মরদেহ মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে উদ্ধার করেছে সিঙ্গাইর থানার পুলিশ। মঙ্গলবার (৫ই অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ব্রিজ এর নিচ থেকে একটি লাশ দেখে সিঙ্গাইর থানা পুলিশ কে সংবাদ দিলে উপপরিদর্শক মাহফুজ রানা লাশ টি উদ্ধার করেন।
নিহত মাসুদ শেখের বড় ভাই মঞ্জু শেখ আজ (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত লাশটি তার নিখোঁজ ভাইয়ের বলে নিশ্চিত করেন।
এব্যাপারে সিঙ্গাইর থানার উপ-পরিদর্শক মাহফুজ রানা বলেন, লাশটি গলে বিকৃত হওয়ার কারনে বুঝা যাচ্ছে না কিভাবে তাকে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে কি ভাবে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর বিকেল ৪ টার দিকে কেউ একজন মাসুদের ফোনে কল করেন। সাভারের তেঁতুলঝোড়া দিয়ে সিঙ্গাইরের দিকে যাওয়ার কথা ছিল মাসুদের। কিন্তু ওই দিন বিকেলে ইজিবাইক নিয়ে বের হয়ে গেলেও তিনি আর বাসায় ফিরে আসেননি। বাড়ি থেকে বের হওয়ার দুই থেকে ৩ ঘন্টা পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এর পর সিঙ্গাইর থানাসহ বিভিন্ন থানায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায় নি। পরে গত রবিবার সাভার মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন নিহতের ভাই মজনু।
নিহত মাসুদ শেখ রাজবাড়ী জেলা সদরের পেয়ারআলী মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি বাবা মার সাথে সাভারের বিনোদবাইদ এলাকায় ভাড়া থেকে ইজিবাইক চালাতেন।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/এসবি