উপনির্বাচনে রেকর্ড ভোটে জয় পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বহাল রয়েছেন তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা ব্যানার্জি। নির্বাচনে জয়ী হওয়ায় মমতাকে অভিনন্দন জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন বার্তার জবাবে সোমবার ফিরতি চিঠিতে মমতা বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক যত্নের সঙ্গে লালন করবো।
মমতা বলেন, বাংলাদেশ আমাদের অত্যন্ত কাছের। আমরা একে-অপরের অত্যন্ত আপন। এই সুসম্পর্ক সামনের দিনেও আমরা যত্নের সঙ্গে লালন করবো।
পররাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের সুস্থ-সুন্দর জীবন কামনা করে মমতা ব্যানার্জি বলেন, আমি আপনার শুভেচ্ছাবার্তা পেয়েছি। আপনাকে ও আপনার পরিবারের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
তিনি বলেন, বাংলার মানুষ আমদের উপর সবসময় আস্থা রেখেছেন, এবারও রাখলেন। জনগণের এই ভরসা ও ভালোবাসার যোগ্য সম্মান আমরা দেবো। সুখ-দুঃখে সবসময় তাদের পাশে থাকবো।
এর আগে মমতা ব্যানার্জিকে পাঠানো অভিনন্দন বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, টানা তৃতীয় মেয়াদে ভবানীপুর নির্বাচনী এলাকায় বিপুল বিজয়, মমতা ব্যানার্জির নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও সুগভীর বিশ্বাসের প্রতিফলন।
তিনি আরও বলেন, মমতা ব্যানার্জির যোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণের সর্বাঙ্গীণ উন্নতি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও পরিপূরক হবে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী মমতার সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনা করেন। পাশাপাশি তাকে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
বার্তা বাজার/নব