মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলো।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৮টায় হলগুলো খুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা নিজ নিজ হলে উঠতে শুরু করেছেন। হলে শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছেন হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আগের সিদ্ধান্ত অনুযায়ী হলে শুধু স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা কমপক্ষে এক ডোজ করোনার টিকা নেওয়ার সনদ দেখিয়ে উঠতে পারছেন।
এ সময় শিক্ষার্থীদের ফুল, মিস্টি, চকলেট ও বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত মাস্ক দিয়ে বরণ করে নেওয়া হয়।
তবে হলে উঠার পর শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। নিয়মগুলো হলো-
* কক্ষের বাইরে গেলে সবাইকে বাধ্যতামূলকভাবে নিয়মিত ও সার্বক্ষণিক সঠিক নিয়মে নাক-মুখ ঢেকে মাস্ক পরতে হবে।
* স্বাস্থ্যবিধি পালনের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে।
* স্বাস্থ্যবিধি অনুযায়ী পরস্পরের কাছ থেকে কমপক্ষে ১ মিটার (৩ ফুট) দূরত্ব বজায় রাখতে হবে।
* কোনো কক্ষের মেঝেতে শোয়া যাবে না। এক বিছানায় একাধিক ব্যক্তি শোয়া যাবে না। কেবল আবাসিক শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে।
* কোনো বহিরাগত বা বাহির থেকে আসা কাউকে কক্ষে অবস্থান করতে দেওয়া যাবে না। প্রয়োজনসাপেক্ষে কক্ষে ও কক্ষের বাহিরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
* শিক্ষার্থীদের নিজ নিজ কক্ষ এবং প্রয়োজনীয় আশপাশ সবসময় নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং এক্ষেত্রে হল প্রশাসন সহযোগিতা করবে।
* হল ডাইনিং, ক্যান্টিন, মেস, দোকান, সেলুন, টিভি রুম, অডিটোরিয়াম, অতিথিকক্ষ, পাঠাগার, মসজিদ ও উপাসনালয়ে ভিড় করা যাবে না। এসব স্থানে সামাজিক দূরত্ব মেনে মাস্ক ব্যবহার করতে হবে।
* ডাইনিংয়ে পালাক্রমে খেতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতিথি কক্ষে শিক্ষার্থীদের সমাবেশ বন্ধ থাকবে।
* বেড়ানো ও ঘোরাঘুরি থেকে বিরত থাকতে হবে এবং সভা-সমাবেশ, রেস্তোরাঁ, পার্টি ও গণপরিবহন এড়িয়ে চলতে হবে।
বার্তা বাজার/নব