৪ বছরেও শেষ হয়নি ওভারপাস প্রকল্পের নির্মাণ কাজ

ফরিদপুরের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর রেলগেট এলাকায় নির্মাণাধীন প্রায় আধা কিলোমিটার ওভারপাস প্রকল্প এখন এলাকাবাসীর গলার কাঁটা হয়ে উঠেছে।

গত ৪ বছরেও এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ এ সড়ক চালু রাখার জন্য পাশ দিয়ে তৈরি করা বাইপাস সড়কেরও বর্তমান বেহাল দশা। সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে খানাখন্দে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জায়গায় জায়গায় গর্ত হওয়ায় ভারী যানবাহনের চাকা দেবে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। যানবাহন ফেঁসে গিয়ে

কখনো কখনো ওই বাইপাস দিয়ে যান চলাচল করতে না পেরে পাশের ময়না গ্রামের মধ্য দিয়ে অতিরিক্ত ১০-১২ কিলোমিটার ঘুরে যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে। এ কারণে মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে ফরিদপুর ও ঢাকার সঙ্গে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সড়ক যোগাযোগ।

ফরিদপুর সড়ক ও জনপথের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ আগস্ট ৩৭ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৪৩৪.৫ মিটার ওভারপাসের কাজ শুরু হলেও দৃশ্যমান অগ্রগতির আগেই হঠাৎ বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠান এ প্রকল্পের কাজটি করছিল কিন্তু তার মৃত্যুর পরেই এ কাজ বন্ধ হয়ে যায়।

৪ বছর আগে শুরু হওয়া ওভারপাস নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। নির্মাণকাজের সুবিধার্থে পাশ দিয়ে তৈরি করা বাইপাস সড়কটিও খানাখন্দে ভরপুর। এই বাইপাস সড়ক দিয়েই প্রতিনিয়ত পরিবহনসহ ছোট-বড় শতশত যান চলাচল করে। বর্ষা মৌসুমে এই বাইপাসের প্রায় আধা কিলোমিটার সড়টিও চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে।

এ কারণে ভারী যানবাহন মাঝেমধ্যে আটকে যায়। গত কয়েক বছরে বেশ কয়েকটি ভারী যানবাহন উল্টে পড়ার ঘটনাও ঘটেছে। রেলওয়ে ওভারপাস নির্মাণের বিকল্প হিসেবে অস্থায়ীভাবে তৈরি করা বাইপাস সড়কটি সংস্কার না করলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। সেজন্য তারা অস্থায়ী বাইপাস সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন।

এ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়ে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান বলেন, ‘সাতৈর রেলওয়ের ওভারপাসের কাজ বন্ধ থাকায় মানুষের দুর্ভোগের শেষ নেই। কিছু না হলেও বাইপাস সড়কটি মেরামত করে দিলেও মানুষ কোনরকম চলাফেরা করতে পারতো।’

এ ব্যাপারে ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান জানান, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাতিল করা হয়েছে। পুনরায় টেন্ডার আহ্বান করার প্রক্রিয়া চলছে।

একটি মিটিং হয়েছে। আরো তিনটি মিটিয়ের পরে প্রক্রিয়া সম্পন্ন করতে মাস তিনেক সময় লাগবে। এছাড়া ওভারপাসের বাইপাস সড়কটিও মেরামতের জন্য শিগগিরই টেন্ডার দেওয়া হবে।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর