সংবাদকর্মীকে পেটালেন লামার ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু

বান্দরবানের লামায় রূপসী পাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মারমা কর্তৃক হাসান নামের স্থানীয় এক সংবাদকর্মীকে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় হাসান বাদী হয়ে ছাচিং প্রু মারমাকে আসামী করে লামা আদালতে একটি মামলা দায়ের করেছেন। (মামলা নং- ২২১/২০২১)। অভিযোগটি আমলে নিয়ে আদালত বিষয়টি লামা থানাকে তদন্তের দায়িত্ব দেয়।

হামলার শিকার সংবাদকর্মী হাসান দৈনিক প্রত্যয় নামে একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত রয়েছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপার বাবুল কান্তি চক্রবর্তীর চেম্বারে এই ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট নিজের ফেসবুকে রূপসী পাড়া ইউনিয়নের একটি টয়লেটের নাজুক পরিস্থিতির একটি স্বচিত্র পোস্ট করেন হাসান। এর জের ধরে সোমবার সকালে আলীকদম যাওয়ার পথে কোর্ট এলাকা থেকে চেয়ারম্যান ছাচিং প্রু মারমা তাকে ধরে মারধর করে এবং মোবাইল ফোন ভেঙ্গে ফেলে। পরে তার শার্টের কলার ধরে টেনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপার বাবুল কান্তি চক্রবর্তীর চেম্বারে নিয়ে হেনস্থা করে।

এদিকে ঘটনাকালীন রেকর্ডকৃত একটি অডিও টেপে বাবুল কান্তি নিজে হাসানকে বিভিন্ন ভাবে জেরা করে। এক পর্যায়ে হাসান একজন মাদ্রাসার ছাত্র, এ বিষয়টি নিশ্চিত হয়ে মাদ্রাসার ছাত্র হওয়ায় তাকে আবারও হুমকি দেন। বাবুল কান্তিকে তখন বলতে শোনা যায়, মাদ্রাসা ছাত্রদের বর্তমান পরিস্থিতি কি চলছে জানো?

এই বিষয়ে রূপসী পাড়া ইউনিয়নের চেয়ারম্যান অভিযুক্ত ছাচিং প্রু মারমার কাছে জানার ফোন দিলে তিনি জানান, একজন সংবাদকর্মীকে মারধরের কোনো প্রশ্নই উঠে না। আমার নামে মামলা দায়ের হয়েছে, তদন্তের পর যে শাস্তি হয় তা আমি মেনে নিবো। আমি ওই সংবাদকর্মীকে মারধর করিনি।

এদিকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশীদের কাছে তার অফিসের কর্মচারী বাবুল কান্তির এমন ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি আজকে অফিসের কাজে একটু বাইরে ছিলাম। বিষয়টি আমার জানা নেই। তবে যদি আমার অফিসের একজন কর্মচারীর চেম্বারে এ ঘটনা ঘটে থাকে তাহলে তা খুবই জঘন্যতম কাজ হয়েছে। আমি খোঁজ নিয়ে দেখছি বিষয়টি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর