চট্টগ্রামে শুরু যাচ্ছে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট
চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হতে যাচ্ছে শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট।
সোমবার (৪ অক্টোবর) নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ফুটবল কমিটির চেয়ারম্যান ও নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মেহেদী হাসান এ তথ্য জানান।
নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মেহেদী হাসান জানান, আগামী বুধবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর দামপাড়ারস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় বনাম সেন্ট্রাল পাবলিক স্কুল। টুর্নামেন্টে নগরীর স্কুলসমূহের মধ্য থেকে বাছাইকৃত সেরা ৩২টি স্কুলের টিম অংশ নেবে। টুর্নামেন্টে মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) ও সিএমপি’র মুখপাত্র আরাফাতুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এসএম তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক ইবায়দুর রহমান লুলু প্রমুখ।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি