ভারতের কংগ্রেস নেত্রী ও গান্ধী পরিবারের সদস্য প্রিয়াঙ্কা গান্ধী পুলিশের হাতে আটক হয়েছেন। উত্তর প্রদেশের লখিমপুর জেলার খিরিতে ৪ কৃষক হত্যাকান্ডের প্রতিবাদে দলীয় নেতাদের নিয়ে রোডমার্চের সময় তাকে আটক করে পুলিশ। পাশাপাশি কংগ্রেসের প্রাদেশিক সেক্রেটারিকেও রাখা হয়েছিল গৃহবন্দি করে।
কংগ্রেস জানাচ্ছে, রোববার (০৩ অক্টোবর) রাতে লখনৌ থেকে লখিমপুরের খিরিতে যাওয়া শুরু করেন কংগ্রেস নেতারা। পথে তাদের গাড়ি আটকে দেওয়ায় হেটেই যাওয়া শুরু করেন। দফায় দফায় বাঁধাপ্রাপ্ত হয়ে হরগাঁওয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রায় ৫ ঘন্টা পুলিশের সাথে কথা কাটাকাটির পর সোমবার (০৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় সীতাপুরের একটি গেস্ট হাউজে।
উত্তর প্রদেশ রাজ্য কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্য জানা যায়।
উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর সফরের প্রতিবাদে বিক্ষোভ করেন স্থানীয় কিশানরা। তাদের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রীর গাড়েই বহরের একটি গাড়ি দুই কৃষককে পিষে হত্যা করে। সেই গাড়িতে অজয় মিশ্রের ছেলে বসে ছিলেন।
এই খবর ছড়িয়ে পড়তেই পুরো খিরিতে ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন। পুলিশের সাথে সংঘর্ষে ওই সংঘর্ষে চার কৃষকসহ মোট আট জনের মৃত্যু হয়।
এদিকে, অজয় মিশ্রের দাবি, তার ছেলে কনভয়ে ছিল না। থাকলে তাকে পিটিয়ে মেরে ফেলতো কৃষকরা। সূত্র: জি নিউজ।
বার্তা বাজার/এসজে