করোনাকালে জনগণের তথ্য অধিকার ক্রমাগত লঙ্ঘন হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অভিযোগ করেছে করোনাকালে গত ১৮ মাসে বাংলাদেশে জনগণের তথ্য অধিকারের ক্রমাগত লঙ্ঘন ও সংকোচন ঘটেছে।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

গত শনিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আন্তর্জাতিক অধিকার সংস্থা ‘আর্টিকেল নাইনটিনের’ পর্যবেক্ষণের বিষয় তুলে ধরে এ অভিযোগ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ‘আন্তর্জাতিক অধিকার সংস্থা ‘আর্টিকেল নাইনটিনের’ পর্যবেক্ষণে করোনাকালে গত ১৮ মাসে বাংলাদেশে জনগণের তথ্য অধিকারের ক্রমাগত লঙ্ঘন ও সংকোচন ঘটেছে। ২০২১ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি নিরাপত্তা আইনে দায়ের হওয়া ১৭২টি মামলার ঘটনা রেকর্ড করেছে সংস্থাটি। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সভায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং অন্যান্য নিবর্তনমূলক আইনের সুযোগ নিয়ে মত প্রকাশের স্বাধীনতা, তথ্য অধিকার হরনের ঘটনা ক্রমাগত হারে বৃদ্ধি পাওয়ার বিষয়টিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।’

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার জন্য সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করা হয়। পাশাপাশি মহিবুল্লাহর হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসা এবং রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানানো হয়।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর