বৃষ্টিতে তলিয়েছে রংপুর নগরী

রাতভর টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে রংপুর নগরীর বিভিন্ন এলাকা। ২৬৫ মিলিমিটার বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক, পাড়া মহল্লার রাস্তাঘাট, মানুষের বসতবাড়ী সহ ব্যবসাপ্রতিষ্ঠানে দোকানঘরে উঠেছে পানি। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

রংপুর আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় রংপুর নগরীতে বৃষ্টিপাত হয়েছে ২৬৫ মিলিমিটার । এরমধ্যে শুধুমাত্র গতরাত থেকে হওয়া ৭ ঘন্টার বৃষ্টিপাত ছিলো ২২২ মিলিমিটার।

মঙ্গলবার (৪ অক্টোবর) সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া অফিস জানায়।

এর আগে গতবছরের (২৭ সেপ্টেম্বর) রংপুরের ১০০ বছরের ইতিহাসে ৩৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কোমড় সমান পানিতে তলিয়েছিলো রংপুর। স্থবির হয়ে পড়েছিলো জনজীবন।

বৃষ্টির পানি জমার কারণে জণসাধারণের চলাচলে অসুবিধা। ছবি: বার্তা বাজার

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, গতবছরেও ইতিহাসে একদিনের বৃষ্টিপাত হয়েছিলো নগরীতে। তবুও ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করেছে নগরবাসী। আবারও তুলনামূলক বৃষ্টিতে কিছু জায়গায় পানি জমলেও ক্যানেল পরিষ্কার থাকায় পানি নেমে যাচ্ছে। নগরীর যেসব এলাকায় পানি উঠেছে তা নিচু এলাকা হওয়ায় পানি নেমে যেতে সময় লাগছে। পানিবন্দি মানুষকে সহযোগিতায় ৩৩ টি ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত দুদিন ধরে রংপুরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে জেলার তিস্তা, ঘাঘট, যমুনেশ্বরী নদীসহ আবাদি জমি পানিতে তলিয়েগেছে। পানি বৃদ্ধির ফলে দেখা দিয়েছে নদী ভাঙনের। এছাড়াও পুরো নগরী জুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা।

সকাল বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা যায়, নগরীর লালবাগ কেডিসি, মাহিগঞ্জ, বোতলা, মুলাটোল, মুন্সিপাড়া, গোমস্তপাড়া, খলিফাপাড়া, নগর মীরগঞ্জ, হোসেন বাজার, সর্দারপাড়া, মাস্টারপাড়া, ঈদগাঁহপাড়া, জুম্মাপাড়া, আদর্শপাড়া, কামারপাড়া, বাবুখাঁ, কামাল কাছনাসহ বিভিন্ন এলাকায় হাঁটু পানি উঠায় বন্দী হয়ে পড়ে মানুষ। ফলে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ দেখা যায়।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হাটু সমান পানি। ছবি: বার্তা বাজার

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, আরও দুই-একদিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণও।

রকি আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর